logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ নভেম্বর ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মতিউর রহমান সভাপতি, আব্দুল জলিল সাধারণ সম্পাদকসহ ১৯ সদস্যের দায়িত্ব গ্রহণ

এসজিএফএলের নবনির্বাচিত অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের শপথ গ্রহণ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন
এসজিএফএলের নবনির্বাচিত অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের শপথ গ্রহণ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মতিউর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে ১৯ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।


রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে অবস্থিত এসজিএফএলের প্রধান কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন। নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (সার্ভিসেস) ও প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস।


প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


সহকারী ব্যবস্থাপক (ট্রান্সপোর্ট) খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) হেলাল উদ্দিন, সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান, মহাব্যবস্থাপক (এনজিএল অ্যান্ড এলপিজি) প্রকৌশলী মো. শাহজাহান আলী, মহাব্যবস্থাপক (আরঅ্যান্ডডি) প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী, রিজার্ভয়ার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী নুরুল ইসলাম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (অর্থ) মো. নুরুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ কে এম আলমগীর আজাদ এবং মহাব্যবস্থাপক (টিএস) প্রকৌশলী নিপুন চন্দ্র সমাদ্দার।


এ ছাড়া উপস্থিত ছিলেন লিকুইড অ্যান্ড পেট্রোলিয়াম অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রকৌশলী জীবন কান্তি সরকার, গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (শ্রমিক দলের অন্তর্ভুক্ত), রেজি. নং-১১০৬ (সিবিএ)-এর  সভাপতি প্রদীপ কুমার শর্মা, সাধারণ সম্পাদক মো. উসমান আলী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।


উল্লেখ্য, গত ২৩ আগস্ট এসজিএফএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নবনির্বাচিত এই নির্বাহী পরিষদের মাধ্যমে এসজিএফএলের কর্মকর্তাদের কল্যাণ, ন্যায্য স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18762
Page of