জৈন্তাপুরে ১২ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ জব্দ, পালালেন দুজন
জৈন্তাপুর :
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা জিরা ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চালকসহ দুই ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যান।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকার ধামড়ী ব্রিজের উত্তর পাশে সিলেট অভিমুখী সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় সিলেটগামী নম্বরবিহীন নীল রঙের টাটা কোম্পানির EX2 ACE মডেলের একটি এইচ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালকসহ গাড়িতে থাকা অপর ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যান।
পরে পিকআপের পেছনের বডি তল্লাশি করে ২৫ বস্তা ভারতীয় K.S GOLD ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি জিরা পাওয়া যায়। প্রতি কেজি জিরার আনুমানিক মূল্য ৫০০ টাকা হিসেবে জব্দ করা জিরার বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপটির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা।
পুলিশ জানায়, রবিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে উদ্ধার করা জিরা ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।