logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৭ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে লাখো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

সার্বভৌমত্ব র‍্যালিতে প্রায় ৬ কিলোমিটার হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ নভেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
সার্বভৌমত্ব র‍্যালিতে প্রায় ৬ কিলোমিটার হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির আয়োজিত ‘সার্বভৌমত্ব র‍্যালি’তে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিতে নেতৃত্ব দেন তিনি। প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।


শনিবার বিকেল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।


র‍্যালিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।


র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ।


র‍্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুদের হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।


র‍্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।


এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।


এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকেই বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি শুরু হয়।


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18721
Page of