logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৯ নভেম্বর ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, আদালতে আত্মসমর্পণের কথা জানালেন রয়টার্সকে

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলেও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন শেখ হাসিনা।


সোমবার (৯ নভেম্বর) করা আবেদনসংক্রান্ত একটি চিঠি দেখেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির বিষয়ে এটিই শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠানো হয়। এতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিলের বাধ্যবাধকতা অনুসারে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছে।


শেখ হাসিনার সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।


প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।


এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।


উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনা তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: দৈনিক আমার দেশ ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, ৯ নভেম্বর ২০২৬।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18768
Page of