সিলেটে ছিনতাইয়ের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার, ১৬ মামলার আসামি
সিলেট :
সিলেটের জালালাবাদে বেসরকারি সংস্থা ‘আশা’র এক মাঠকর্মীর কাছ থেকে ৮৬ হাজার ৫৫০ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাব্বির খানকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, নাশকতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে সিলেটের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকার বেসরকারি সংস্থা ‘আশা’র মাঠকর্মী সামছুল হক নাজিরের গাঁও এলাকায় তিনটি দলের সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় শেষে মোটরসাইকেলযোগে শাখা কার্যালয়ে ফিরছিলেন।
পথে সিলেট-বাদাঘাট সড়কের কুমারগাঁও এলাকায় শাহ খুররম ডিগ্রি কলেজের প্রায় ২০০ গজ দক্ষিণে পৌঁছালে হেলমেট ও মুখোশ পরা চার ব্যক্তি তিনটি মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করে। এ সময় ধারালো দা ও ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাঁর কাঁধে ঝোলানো ব্যাগের ফিতা কেটে নগদ ৮৬ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ব্যাগে থাকা সঞ্চয় উত্তোলন ও ফেরত রেজিস্টার, সদস্যদের পাসবই, ঋণের ফরম এবং মোটরসাইকেলের চাবিও নিয়ে পালিয়ে যায় তারা।
পরে ভুক্তভোগী বিষয়টি শাখা ব্যবস্থাপক অমিতাভ দাস চৌধুরীকে জানালে তিনি বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সাব্বির খানকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নম্বর-১৫ (তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬), দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯২ ধারায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার সাব্বির খান সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার খলিল খানের ছেলে। তাঁর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় নাশকতা, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার সাব্বির খানকে এসএমপি, সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।