logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৯ অক্টোবর ২০২৬ ০২:৪৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কৃষি, আইসিটি, শিক্ষা, বাণিজ্য ও পর্যটনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালাগা আলোচনা

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০২:৪৩ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০২:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের


ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬:


বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন। বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মালাগার মেয়রকে অবহিত করেন। এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশের গঠনমূলক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।


আলোচনায় বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে স্পেনের মালাগা শহরের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষ।


বৈঠকে কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


এ ছাড়া বাংলাদেশ ও মালাগার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও কথা বলেন তাঁরা।


বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশাও ব্যক্ত করেন তিনি।


আলোচনায় উঠে আসা বিষয়গুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার নগর প্রশাসনের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও সহজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18392
Page of