ভোটার তালিকা ও সীমানা জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত
ঢাকা :
নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা-সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ৬৮৬ নম্বর স্মারকে ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ৮৫০ নম্বর স্মারকের আওতায় ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত অনুসরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে।