নাতনিকে গোসলে বাধা, সংঘর্ষে প্রাণ গেল দাদার
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে গোসল করতে যাওয়া নাতনিকে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের ছেলে সায়েম আহমদের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশী দুদু মিয়ার সঙ্গে আশিক মিয়ার পরিবারের আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা বেগম বাড়ির পাশের নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া নিজের ঘাট দাবি করে তাকে সেখানে গোসল করতে বাধা দেন। এ সময় শিশুটির সঙ্গে দুর্ব্যবহার ও তার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে।
খবর পেয়ে মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে আশিক মিয়া এগিয়ে গেলে দুদু মিয়া ও তাঁর পক্ষের লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা।
পরে আশিক মিয়াকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বাদী হয়ে দুদু মিয়া, আঙ্গুর মিয়া, মোস্তফা ও বতুল্লাসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার এজাহার লেখার কাজ চলছিল।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে।