logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ অক্টোবর ২০২৬ ০২:২৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে চাকরির প্রলোভনে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০২:২৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০২:২৮ পূর্বাহ্ন
সিলেটে চাকরির প্রলোভনে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার:


সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে মো. রামিম আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


বুধবার (২৮ অক্টোবর) র‌্যাব-৯, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুক্তভোগী সাগরিকা বেগম (৩৯) নড়াইল সদর থানার বাহিরগ্রাম এলাকার বাসিন্দা। গত ৮ অক্টোবর সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে এসে নাছরিন বেগম নামে আরেক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা একসঙ্গে জাফলংয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।


এ সময় মাজারের সামনের সড়কে জাফলং যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। অভিযোগ অনুযায়ী, রামিম আহমদ ৪০০ টাকা ভাড়ায় মাইক্রোবাসে করে তাঁদের জাফলং পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। পরে তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়। প্রস্তাবে রাজি না হলে তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়া নামে আরেক অভিযুক্তসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁরাও দুই নারীকে ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখান বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


অভিযুক্তদের কথাবার্তা ও আচরণে তাঁদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হলে এবং ভারতে পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন। পরে সাগরিকা বেগম জৈন্তাপুর থানায় মামলা করেন।


র‌্যাব জানায়, মামলার পরিপ্রেক্ষিতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি রামিম আহমদকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রামিম আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কলিম উল্লাহ। জৈন্তাপুর মডেল থানার মামলা নম্বর ৮, তারিখ ৯ অক্টোবর ২০২৬। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬ ও ৭ ধারায় মামলাটি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18388
Page of