বাস-ট্রাকের সংঘর্ষের পর প্রাইভেট কার দুর্ঘটনা, জৈন্তাপুরে নিহত ৩
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পর্যটকবাহী বাসের চালক হাসান প্রামানিক (৪০), ১৫ বছর বয়সী কিশোরী আলিফ ও তিন মাস বয়সী শিশু আয়াত। দুর্ঘটনা দুটিতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাট ও বিরাইমারা সেতু এলাকায় প্রায় পাঁচ মিনিটের ব্যবধানে দুর্ঘটনা দুটি ঘটে।
বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জৈন্তাপুর ফেরিঘাটসংলগ্ন এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক বাসচালক হাসান প্রামানিককে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১৮৪৯ এবং ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৭৫০১।
প্রাইভেট কারের সংঘর্ষে শিশু ও কিশোরীর মৃত্যু
এর প্রায় পাঁচ মিনিট পর, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস বয়সী শিশু আয়াত ও ১৫ বছর বয়সী কিশোরী আলিফের মৃত্যু হয়।
নিহত শিশু আয়াত গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। কিশোরী আলিফ বরিশাল জেলার মো. কাওসার আহমদের মেয়ে বলে জানা গেছে।
তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।