তারাপুর চা বাগানে হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ
সিলেট :
চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সিলেট নগরীর তারাপুর চা বাগানে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর পাঠানটুলার তারাপুর চা বাগানের স্কুলসংলগ্ন মাঠে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ, রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রোগের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ছালিম আহমদ খান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, তারাপুর চা বাগানের কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, আরাফাত রহমান চৌধুরী, মাহমুদুল হাসান নাঈম, হাম্মাদ সরকার, আহসানুল হক রাতুল, আহমদ মারজান ও অল্পিনা আক্তারসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য।
আলোচনায় হাম ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
আয়োজকেরা জানান, চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে কয়েকটি চা-শ্রমিক পরিবারের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।