জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত
অনলাইন ডেস্ক :
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য জরিমানা ছাড়াই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রযোজ্য কাগজপত্র হালনাগাদে এ সুযোগ পাওয়া যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, মোটরযান বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। মালিকানা হস্তান্তর সম্পন্ন না হলে আগের মালিকের ওপরও কর ও অন্যান্য আর্থিক দায় বর্তাতে পারে।
তাই জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি গাড়ি কেনাবেচার ক্ষেত্রে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।