logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৪ অক্টোবর ২০২৬ ০১:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বদলি-বাণিজ্য বন্ধে লটারির পথে সরকার, গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর পদায়ন

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ০১:২৪ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ০১:২৪ অপরাহ্ন
বদলি-বাণিজ্য বন্ধে লটারির পথে সরকার, গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর পদায়ন

সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং বদলি-বাণিজ্য বন্ধের লক্ষ্যে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীর বদলি ও পদায়ন কার্যক্রম শুরু করেছে সরকার। এ প্রক্রিয়ায় যোগ্য কর্মকর্তাকে উপযুক্ত স্থানে পদায়ন এবং প্রশাসনিক কাজে জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লটারির মাধ্যমে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।


মন্ত্রী বলেন, লটারির মাধ্যমে বদলি-পদায়নের উদ্দেশ্য হলো বদলি-বাণিজ্য বন্ধ করা, সুশাসন ফিরিয়ে আনা এবং কর্মকর্তাদের সমান সুযোগ নিশ্চিত করা। গণপূর্ত অধিদপ্তরকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার কাজ করছে।


আগে লটারিতে পদায়ন ১ হাজার ৪৩০ প্রকৌশলীর


মন্ত্রী জানান, এর আগে লটারির মাধ্যমে ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী, ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী এবং ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, মানবিক কারণে বিশেষ প্রয়োজন থাকলে কর্মকর্তারা আবেদন করতে পারবেন। কাউকে হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়; বরং প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার পাশাপাশি মানবিক বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।


সরকারি জমি ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর জমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ল্যান্ড ব্যাংক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কোন জমি সরকারের মালিকানায় রয়েছে, কোনটি দখলে আছে এবং কোনটি অবৈধ দখলে রয়েছে—এসব তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আবাসন বরাদ্দেও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গণপূর্ত অধিদপ্তরের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রম নিয়েও কাজ করার কথা উল্লেখ করেন মন্ত্রী।


নতুন সচিবালয় নির্মাণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি


পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে। নতুন সচিবালয় নির্মাণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরকারের প্রত্যাশা, লটারির মাধ্যমে বদলি-পদায়ন, ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন ও আবাসন বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ সরকারি সেবায় জবাবদিহি বাড়াতে ভূমিকা রাখবে।


সূত্র: বাসস।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18153
Page of