২০ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি এনাম-সম্পাদক মাহবুব
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক উত্তরপূর্বের গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেট মিররের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
গোলাপগঞ্জের ধারাবহর একমাইল এলাকার শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রেসক্লাবের মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পান ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পান ৩৯ ভোট।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট, সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট এবং কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম. আব্দুল জলিল নির্বাচিত হন।
নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করার পর নবনির্বাচিতদের অভিনন্দন জানান সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ ২০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গোলাপগঞ্জের সাংবাদিকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের ঐক্য, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, পাঠাগার ও ম্যাগাজিন প্রকাশসহ ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।