logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৪ অক্টোবর ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়ায় তিন দিন আটকে, অক্ষত অবস্থায় উদ্ধার দাঁড়াশ সাপ

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ অক্টোবর ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ অক্টোবর ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন
৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়ায় তিন দিন আটকে, অক্ষত অবস্থায় উদ্ধার দাঁড়াশ সাপ

মৌলভীবাজার প্রতিনিধি:


হবিগঞ্জের বাহুবলে ৯ ফুট গভীর একটি পরিত্যক্ত কুয়া থেকে তিন দিন ধরে আটকে থাকা একটি দাঁড়াশ সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানের রাধানগর এলাকায় সজল সাওতালের বাড়ির পরিত্যক্ত কুয়া থেকে সাপটিকে উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন ধরে সাপটি ওই কুয়ার প্রায় ৯ ফুট গভীরে আটকে ছিল। পরে অনেক খোঁজাখুঁজির পর জীবন চাষা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর সংগ্রহ করে সংস্থাটিকে বিষয়টি জানান।


খবর পেয়ে ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় কুয়ার ভেতরে মই নামিয়ে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৯ ফুট গভীর কুয়ার ভেতরে নেমে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।


উদ্ধারের পর দাঁড়াশ সাপটিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


বন্যপ্রাণী সংরক্ষণসংশ্লিষ্টরা জানান, দাঁড়াশ সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী আটকে পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে আঘাত করা বা নিজ উদ্যোগে ঝুঁকিপূর্ণভাবে উদ্ধারের চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগকে জানানো উচিত। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তাও নেওয়া যেতে পারে।


বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা ও মানবিক উদ্যোগ বাড়ানোর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17997
Page of