অপরাধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কাউকে ছাড় নয়’—মৌলভীবাজারে মন্ত্রী আরিফুল হক
মৌলভীবাজার প্রতিনিধি:
রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কোনো ধরনের ষড়যন্ত্র, উসকানি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মৌলভীবাজারের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে জনগণের সঙ্গে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশের শান্তিপূর্ণ পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক শক্তি একদিকে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কথা বললেও অন্যদিকে এমন কর্মকাণ্ড করছে, যা রাজনৈতিক বিভ্রান্তি ও অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রেখেছে। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে দলটি সংগঠিত হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আগামী এক মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে জেলার দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ কোনো ধরনের অপরাধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের নেতাকর্মীদেরও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের কোনো অন্যায় করা যাবে না এবং অন্য কাউকেও অন্যায় করতে দেওয়া যাবে না।
অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া কোনো কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মো. মুজিবুর রহমান চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।