ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বাবাও
নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাব্বির আহমদ (২১) সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শনিবার (৩ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ী থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।
পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না। তবে পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক