logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন
সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজার |  কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলেকে নিয়ে ‘এফভি রিফাত’ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। মাছ আহরণ শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফের পোতাশ্রয়ে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।


বিপদে পড়ে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে অংশ নেয়।


পরে কোস্ট গার্ডের সদস্যরা সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটির সন্ধান পান। এরপর বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।


উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ উদ্ধার হওয়া জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষের সহায়তায় উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17925
Page of