logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অকালেই থেমে গেল তুহিনের কলম, শোকের ছায়া সিলেটের সাংবাদিক অঙ্গনে

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
অকালেই থেমে গেল তুহিনের কলম, শোকের ছায়া সিলেটের সাংবাদিক অঙ্গনে

সিলেট :

সিলেটের সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সিলেট মহানগরের সাদাপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।


তুহিনুল হক তুহিন সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কর্মজীবনে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং সিলেটের গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন।


সাংবাদিক তুহিন মহানগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার মৃত নুরুল হকের ছেলে। গত কয়েক বছর ধরে তিনি কিডনি ও হৃদরোগে ভুগছিলেন বলে দেশ টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


জেলা প্রেসক্লাবের শোক


তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় তাঁকে প্রতিভাবান তরুণ সাংবাদিক হিসেবে উল্লেখ করে তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান। একই সঙ্গে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক


এদিকে সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এ শোক প্রকাশ করেন।


বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক তুহিনের চলে যাওয়া সমাজ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতা ও কর্মক্ষেত্রে তাঁর অবদান এবং উপস্থিতি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।


তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।


তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17934
Page of