ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : বিনামূল্যে অপারেশন হয়েছে ৩৭ জনের
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশনের প্রয়োজন থাকা ৩৭ জন রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছে।
ক্যাম্পে ডাচ্-বাংলা ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাই সুমন ও একই শাখার এআরও বিদ্যুৎ দাশ উপস্থিত ছিলেন।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আসিফ আহমদ, ডেন্টাল সার্জন ও এমওডিসি।
ভার্ড চক্ষু হাসপাতালের পক্ষে চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. রাশেদ খান মেনন, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার রেজাউল করিম, প্রোগ্রাম অর্গানাইজার শামীম আহমেদসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল টিমের সদস্যরা।
ক্যাম্পে আগত রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তাদের মধ্যে ৩৭ জনের বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়। এতে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা বিনা খরচে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজনের ফলে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হচ্ছেন। বিশেষ করে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা বা অপারেশন করাতে না পারা রোগীদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।