logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কানাইঘাট প্রতিনিধি: 

সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।


স্থানীয়দের অভিযোগ, কানাইঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে ডেন্টাল কেয়ারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে রোগী দেখা, দাঁত তোলা, ফিলিং, স্কেলিং, রুট ক্যানেলসহ বিভিন্ন ধরনের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। কোথাও কোথাও নিবন্ধিত ডেন্টাল সার্জনের উপস্থিতি ছাড়াই ডেন্টাল টেকনোলজিস্ট বা অন্য ব্যক্তির মাধ্যমে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগও রয়েছে।


স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, কানাইঘাট উত্তর বাজারসহ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ডেন্টাল কেয়ার পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে প্রশ্ন রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স রয়েছে কি না, সেটিও যাচাইয়ের দাবি উঠেছে।


রাজিয়া ডেন্টাল কেয়ারে যা পাওয়া গেল


বিষয়টি অনুসন্ধানে কানাইঘাট উত্তর বাজারে অবস্থিত রাজিয়া ডেন্টাল কেয়ারে গেলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়। সেখানে রাজিয়া ও তার স্বামী তানভীর আহমদ জানান, তারা দুজনই প্রতিষ্ঠানটির চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত।


রাজিয়ার বিএমডিসি নিবন্ধন আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তার স্বামী তানভীর আহমদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং একপর্যায়ে প্রতিবেদকের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ রয়েছে।


রাজিয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে তানভীর জানান, তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫-৬ লাখ টাকা ব্যয়ে ডেন্টাল টেকনোলজিস্ট বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তানভীর আরও জানান, তিনি নিজেও ডিপ্লোমা কোর্স করছেন এবং রাজিয়ার সহকারী হিসেবে কাজ করেন।


তবে রাজিয়ার ব্যবস্থাপত্রের প্যাডে তানভীরের নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নামটি এমনিতেই রাখা হয়েছে। তিনি কোনো রোগী দেখেন না; বরং স্ত্রীর কাছে ইন্টার্ন হিসেবে প্র্যাকটিস করছেন।


দাঁত তোলার পর সমস্যার অভিযোগ


এদিকে স্থানীয় এক বৃদ্ধা নারী অভিযোগ করেন, কয়েক দিন আগে দাঁতের সমস্যার চিকিৎসা নিতে তিনি রাজিয়া ডেন্টাল কেয়ারে যান। সেখানে রাজিয়া তার দাঁতের চিকিৎসা করেন এবং একটি দাঁত তুলে দেন। কিন্তু দাঁত তোলার পরও তার সমস্যা থেকে যায়।


পরে তিনি সিলেটে গিয়ে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেন বলে জানান ওই নারী। তার দাবি, সেখানে তাকে বলা হয় ভুলভাবে দাঁত তোলার কারণে মাড়িতে সংক্রমণ হয়েছে এবং সময়মতো চিকিৎসা না পেলে জটিলতা আরও বাড়তে পারত।


তবে ওই রোগীর দাবির বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো লিখিত মতামত প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি। ফলে অভিযোগটির চিকিৎসাগত কারণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।


বাবুল ডেন্টাল কেয়ার নিয়েও অভিযোগ


কানাইঘাট উত্তর বাজারের বাবুল ডেন্টাল কেয়ার নিয়েও স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রাতিষ্ঠানিক ডেন্টাল শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বাবুল দীর্ঘদিন ধরে সেখানে দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন।


তবে এ অভিযোগের বিষয়ে বাবুলের বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদক চেম্বারে গিয়ে তার দেখা পাননি।


আরও কয়েকটি চেম্বার নিয়ে প্রশ্ন


এ ছাড়া কানাইঘাট উপজেলা সদরে রাফি ডেন্টাল কেয়ার, রনক ডেন্টাল কেয়ার, ফারহান ডেন্টাল, সেবা ডেন্টাল কেয়ার ও ফরহাদ ডেন্টাল কেয়ারসহ আরও কয়েকটি ডেন্টাল কেয়ার পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।


এসব প্রতিষ্ঠানে বিএমডিসি নিবন্ধিত ডেন্টাল সার্জন নিয়মিত চিকিৎসা দেন কি না এবং প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না—তা যাচাই করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বৈধতা ও চিকিৎসা কার্যক্রম যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীন চিকিৎসা নিয়ে আপিল বিভাগের রায়


এদিকে ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে রোগী দেখা ও প্রাইভেট প্র্যাকটিসের বিষয়টি নিয়ে চলমান আইনি জটিলতার মধ্যে ২৪ জুন ২০২৬ গুরুত্বপূর্ণ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


প্রকাশিত আদালত-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে আপিল বিভাগ ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে রোগী দেখা, নিজস্ব চেম্বার পরিচালনা ও ব্যবস্থাপত্র দেওয়ার সুযোগসংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন।


বিভিন্ন প্রতিবেদনে আদালতের রায়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ডেন্টাল টেকনোলজিস্টরা নিবন্ধিত ডেন্টাল সার্জনের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন; তবে স্বাধীনভাবে রোগী দেখা বা ব্যবস্থাপত্র দেওয়ার সুযোগ নেই।


স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য


কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যোগ্যতা ও বিএমডিসি নিবন্ধন ছাড়াই দাঁতের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়।


স্থানীয়দের দাবি, কানাইঘাটের ডেন্টাল চেম্বারগুলোতে চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি নিবন্ধন, প্রতিষ্ঠানের অনুমোদন এবং রোগীদের দেওয়া চিকিৎসা কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। একই সঙ্গে অনুমোদনহীন বা নিয়মবহির্ভূত কোনো প্রতিষ্ঠান পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17666
Page of