স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতার অভিযোগে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন সিলেট মহানগর বিএনপির
অনলাইন ডেস্ক :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে আয়োজিত রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। আয়োজনে ‘স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতার’ অভিযোগ তুলে দলীয় সিদ্ধান্তে এ সংবর্ধনা বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা।
তবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরের অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সংবর্ধনা বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে মহানগর বিএনপির নেতারা বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তাঁর সিলেট আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সিটি করপোরেশনের আয়োজনে সমন্বয়হীনতা এবং একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, সংবর্ধনা আয়োজন নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ও জেলা প্রশাসকের উপস্থিতিতে দুই দফা সভায় নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিসিক প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।
বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, মহানগর বিএনপির নেতাকর্মীদের যথাযথ প্রক্রিয়ায় আমন্ত্রণ না জানানোয় নাগরিক সংবর্ধনার আয়োজনটি বিতর্কিত হয়ে পড়ে। দলীয় শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার স্বার্থে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরভবনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির নেতারা সিলেট সার্কিট হাউসে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংবর্ধনা বর্জনের কারণসহ পুরো বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
মহানগর বিএনপির নেতাদের অভিযোগ ও বক্তব্যের বিষয়ে সিসিক প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে সংবর্ধনা আয়োজন নিয়ে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।