logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাঙচুরের অভিযোগে ৭০ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাঙচুরের অভিযোগে ৭০ জনের বিরুদ্ধে মামলা

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া


সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলের বসতঘরে ঢুকে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।


মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম আহমদ ওরফে ‘চাক্কু শামীমকে’ প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।


মামলার এজাহারে উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন—বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহসভাপতি কয়েছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ, প্রচার সম্পাদক পারভেজ আহমদ, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, নিষিদ্ধ ছাত্রলীগের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয়, কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, ওয়াজিবুল মিয়া, হেলাল, আইদিদ আহমেদ, আবু আহমেদ তালহা, নাইম আহমদ ও আব্দুল হক কুতুব।


যেভাবে হামলার অভিযোগ


এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে আব্দুল মজিদ বকুল পৌর শহরের টিএনটি রোডে তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় মামলার প্রধান আসামি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে অনাধিকার প্রবেশ করেন।


এ সময় তারা বকুলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।


এজাহারে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা ঘরের আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান। একই সঙ্গে প্রায় দুই লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মামলার বাদী।


এর আগে ৯ সেপ্টেম্বরের হামলার ঘটনায় বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। হামলার ঘটনায় তখন ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অভিযুক্ত শামীম আহমদকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছিল।


প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ না থাকায় পুলিশ তদন্তের কথা জানিয়েছিল। কয়েক দিন পর সোমবার রাতে বকুলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।


তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের


মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17643
Page of