logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে নদী, হাওর ও প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার সীমান্তবর্তী নদী ও হাওরাঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার নতুন ভাংগা হাওর, পর্যটন এলাকা বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।


অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই করা হলে তাদের মধ্যে ৩ জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


অন্যদিকে, অবৈধ বালু উত্তোলনের ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় বাকি ৩ জনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি নৌকা ঘটনাস্থলেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।


অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), গোয়াইনঘাট থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা টাস্কফোর্সকে সার্বিক সহযোগিতা করেন।


অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।


প্রশাসনের এ ধরনের অভিযান নদী-হাওর ও পর্যটন এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17604
Page of