সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ৪৭ বস্তা ভারতীয় সুপারি জব্দ
সিলেট:
সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের সময় একটি মিনি পিকআপ থেকে ৪৭ বস্তা সুপারি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। জব্দ করা সুপারি ভারতীয় ও অবৈধভাবে আনা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর নাইওরপুল পয়েন্টে নিয়মিত যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রমের সময় এ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের নেতৃত্বে মহানগরীর যান চলাচল নির্বিঘ্ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।
এ সময় সার্জেন্ট মো. আলম সঙ্গীয় ফোর্সসহ যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। একটি সিলেট মেট্রো-ন-১১-২১৩৭ নম্বরের মিনি পিকআপ সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৭ বস্তা সুপারি পাওয়া যায়।
পুলিশ জানায়, এসব সুপারি পরিবহনের বৈধতা সংক্রান্ত কোনো সুস্পষ্ট কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট চালকের কাছে পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দ করা সুপারি ও সংশ্লিষ্ট ব্যক্তিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, “ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”—এই প্রত্যয়ে নগরীতে যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।