জকিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও, প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, একই সংগঠনের কথিত নৈরাজ্যের প্রতিবাদে জেলার কানাইঘাটে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
জকিগঞ্জে ছড়িয়ে পড়া প্রায় তিন মিনিটের ভিডিওটিতে অর্ধশতাধিক ব্যক্তিকে একটি ব্যানার সামনে রেখে সড়কে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ও খলাছড়া ইউনিয়নের পল্লীশ্রী এলাকার টুকের বাজারে মিছিলটি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জকিগঞ্জ উপজেলা পর্যায়ের নেতা হিসেবে পরিচিত আজহার হোসেন চৌধুরীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য ২ মিনিট ৫৯ সেকেন্ড। এতে একটি ব্যানার সামনে রেখে একদল ব্যক্তিকে সড়কে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
শনিবার বিভিন্ন সময়ে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জকিগঞ্জের স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ভিডিওটি কোন দিন বা কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ কারণে মিছিলের স্থান ও সময়ের পাশাপাশি ভিডিওটির সত্যতা ও ধারণের সময়কালও যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জকিগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের খবর তারা পাননি।
তিনি বলেন, ‘জকিগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের খবর আমরা পাইনি। ভিডিওটি পর্যালোচনা করলে এটি কখনকার ঘটনা, তা বোঝা যাবে।’
এর আগে গত ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জে ছাত্রলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কানাইঘাটে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকেল ৩টার দিকে কানাইঘাট পৌরসভার রায়গড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
শোডাউন চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কানাইঘাট বাজার পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে’
সমাবেশে সভাপতিত্ব করেন এম এইচ আলআমিন এবং সঞ্চালনা করেন রাসেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রেদওয়ান করীম।
প্রধান বক্তার বক্তব্যে রেদওয়ান করীম বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ছাত্রদল নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে এম এইচ আলআমিন বলেন, কানাইঘাটে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারিত্বের স্থান নেই। গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে ছাত্রদল শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান তুলে ধরবে।
সঞ্চালক রাসেল চৌধুরী বলেন, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা দাবি ও প্রতিবাদ জানাতে চান।
কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স সোহেল বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা তাদের অন্যতম লক্ষ্য। এ বিষয়ে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।
উপজেলা ছাত্রদলের প্রথম সদস্য বুলবুল বলেন, কানাইঘাট উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
শোডাউনে সামিয়ান, মোহাইমিন, শাহনুর, ইয়াহইয়া, শামীম, আহসান, জাহেদ, নাভিদ আল হাসান, শাকিল, নাহিয়ান, রাইয়ান, নাইম, পারভেজ, আনাছ ইদ্দিন রনি, ফাহমিদুল, আশরাফ, ইসহাক আহমদ, সারওয়ান, পাবেল, নাহিদ, শাহীন, সেবুল, অভি, জিবান, শুভ ও মারুফসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এদিকে ৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া ও শরীয়তপুরেও এদিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পুলিশ মিছিলের বিষয়ে অবগত না থাকার কথা জানিয়েছে।