দেশের ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: ড. মুজিবুর রহমান
বিশ্বনাথ প্রতিনিধি:
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নতুন প্রজন্মকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান।
তিনি বলেছেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতায়ও দক্ষ করে তুলতে হবে। দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের উদ্যোগে সংগঠনের সদস্য ও তাঁদের সন্তানদের মধ্যে ‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও ওয়েল ফেয়ার ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন সাংবাদিক ও তাঁদের সন্তানদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা নগদ বৃত্তি এবং সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে ড. মুজিবুর রহমান বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের কল্যাণ এবং আর্তমানবতার সেবায় ওয়েল ফেয়ার ফান্ডের কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে এই মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ড. মুজিবুর রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে টিকে থাকা কঠিন। তাই শিশু-কিশোরদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, দক্ষ জনশক্তি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ড. এম. মুজিবুর রহমানকে গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণ এবং বিশ্বনাথে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে গত বছর ৫০ লাখ টাকা মূলধনের লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের যাত্রা শুরু হয়।
মাত্র ১৩ দিনের আহ্বানে ফান্ডের জন্য ৫১ লাখ ২১ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে প্রতিশ্রুত অর্থের প্রায় এক-তৃতীয়াংশ ইতোমধ্যে ফান্ডের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হয়েছে। সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মতো শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন। স্বাগত বক্তব্য দেন ওয়েল ফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজু।
এ সময় বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মো. জাহান মিয়া।
অনুষ্ঠানে ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সংগঠনের অন্যান্য গোল্ডেন, সিলভার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. এম. মুজিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশিপ সনদ প্রদান করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের এ উদ্যোগকে সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক কার্যক্রমের একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।