প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে নারীর এক বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, সিলেট: প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করার ঘটনায় শারমিন সুরভী মৌসুমী নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শারমিন সুরভী মৌসুমী যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি।
মামলার নথি সূত্রে জানা যায়, শারমিন সুরভী মৌসুমী তার আগের বিয়ের তথ্য গোপন রেখে জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের কিছুদিন পর জাকের আহমেদ জানতে পারেন, শারমিন আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। বিষয়টি জানার পর তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন এবং ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন।
মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে আদালত শারমিন সুরভী মৌসুমীকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।
মামলায় কনের পরিবারের আরও কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছিল। তবে রায়ে তাদের বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের ঘটনায় আদালতের এ রায় সিলেটে আলোচনার জন্ম দিয়েছে। মামলার নথি ও আদালতের রায়ের ভিত্তিতেই দণ্ডাদেশের তথ্য প্রকাশ করা হয়েছে।