logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন
জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মজনু মিয়া ওরফে জহির আলম (৩১)-এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ওই বাড়ি থেকে লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার মজনু মিয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত পৌনে তিনটার দিকে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে ডাকাতেরা বাড়ির কেচিগেটের তালা ও দুটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আব্দুল মন্নান, তাঁর স্ত্রী ও মেয়ের হাত-পা বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় তারা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ ও মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।


পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় পাঁচ ভরি স্বর্ণ, তিনটি মুঠোফোন, একটি ল্যাপটপ ও নগদ এক লাখ টাকাসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতদের হামলায় আব্দুল মন্নান আহত হন। পরে তাঁকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।


এ ঘটনায় আব্দুল মন্নান বাদী হয়ে জকিগঞ্জ থানায় ডাকাতির মামলা করেন। মামলায় মজনু মিয়া ওরফে জহির আলমকে এজাহারভুক্ত আসামি করা হয়।


পুলিশ জানায়, ডাকাতির ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামে অভিযান চালিয়ে মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা মানিকপুর গ্রামের বাসিন্দা।


মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর আলী বলেন, “গ্রেপ্তার আসামির কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা করা হবে।”


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে লুট হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা করা হবে।”


আব্দুল মন্নানের ছেলে মোহাম্মদ শাহজাহান বলেন, “আমি দীর্ঘদিন ধরে ফ্রান্সপ্রবাসী। আমার এক চাচা যুক্তরাষ্ট্রে এবং আরেকজন সরকারি চাকরির কারণে জকিগঞ্জের বাইরে থাকেন। বাড়িতে মা-বাবা ও এক বোন থাকেন। ডাকাতির ঘটনার পর থেকে তাঁদের নিরাপত্তা নিয়ে আমরা চরম আতঙ্কে আছি। আমরা আশা করছি, আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত অন্যরা শনাক্ত হবে এবং লুট হওয়া মালামাল উদ্ধার হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ ও আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ।”


এদিকে, ডাকাতির ঘটনায় একজন আসামির রিমান্ড মঞ্জুর হওয়ায় জড়িত অন্যদের শনাক্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17442
Page of