logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে জন্মাষ্টমী উদযাপন

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন
জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে জন্মাষ্টমী উদযাপন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে জৈন্তাপুর মডেল থানাসংলগ্ন ডাকবাংলো প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে আয়োজিত আলোচনা সভায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব ময় বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবর রহমান মোল্লা।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব, সহ-সভাপতি নান্টু ধর, ধীরেন্দ্র দেবনাথ ধীরু, নিরদ দাস, বীর মুক্তিযোদ্ধা সুবল বিশ্বাস, মাস্টার সুমন চন্দ্র দেব, ললিত মোহন কপালী ও টিটুল দেব।


এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা উদযাপন ও ঐক্য পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


রাধা মাধব জিউর আখড়ায় নানা আয়োজন


এদিকে সকাল ১০টায় উপজেলার উজানীনগর রাধা মাধব জিউর আখড়া এবং রথযাত্রা ও জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আখড়া প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।


আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করা এবং নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর কালীবাড়ী মন্দিরের সভাপতি দীগেন্দ্র কুমার ফটিক, সাধারণ সম্পাদক সুজিত মোহন ধর, রাধা মাধব মন্দিরের সভাপতি সমর মোহন ধর, সাধারণ সম্পাদক বনোয়ারী দাস মিন্টু, ইসকন নামহট্ট সংঘের সভাপতি গৌরহরি দাস নিপেশ, সাধারণ সম্পাদক পান্ডব মাধব দাস প্রসান্ত, সারীঘাট শিব মন্দিরের সভাপতি সুরেন্দ্র বৈদ্য ও মোয়াখাই গপিনাথ আখড়ার সভাপতি সুনীল দেবনাথসহ অন্যান্য ভক্তবৃন্দ।


ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। পুরো আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের আবহ বিরাজ করে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17441
Page of