logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাংবাদিকদের দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে সিলেটে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:২৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
সাংবাদিকদের দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে সিলেটে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

সিলেট প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত দক্ষতা, তথ্য যাচাইয়ের সক্ষমতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় সংবাদ সংগ্রহ ও লেখন, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং পেশাগত দায়িত্বসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিডিয়া ইনস্টিটিউ এন্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ইনস্টিটিউ এন্ড ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর ইব্রাহিম হাসান (হাসনাইন)।


প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্তের সাবেক হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সল, হার্ড নিউজ বাংলা সার্ভিসের হেড অব ডিজিটাল আব্দুল্লাহ আল মাহমুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিবেদক ইসমাইল আহসান। তাঁরা সংবাদ সংগ্রহ, সংবাদ লেখন, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, সহ-সভাপতি অপু দাস এবং অর্থ সম্পাদক মো. সবুজ মিয়া।


অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের সিলেট বিভাগীয় ব্যুরো চিফ সুহেল আহমদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সুয়েজ হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম।


এছাড়া বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. মশাইদ আলী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসিত খান।


কর্মশালায় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সাংবাদিকতার পরিধি ও ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তিত বাস্তবতায় সাংবাদিকদের আধুনিক সংবাদ সংগ্রহ ও পরিবেশন পদ্ধতি, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা এবং পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে দক্ষতা অর্জন করা জরুরি।


তাঁরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত সক্ষমতা আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17344
Page of