মাদ্রিদের ভয়াবহ আগুনে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
ফ্রান্স প্রতিনিধি:
স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. ইউসুফ হাসান আলিফ (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে মাদ্রিদের আর্গানসুয়েলা (Arganzuela) জেলার Calle Canarias-এর একটি ভবনের ভূগর্ভস্থ গ্যারেজ ও স্টোরেজ কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্থানে বৈদ্যুতিক সাইকেলসহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুনকে অত্যন্ত ভয়াবহ অবস্থায় দেখতে পান। স্টোরেজ কক্ষগুলোর জটিল ও গোলকধাঁধার মতো কাঠামো, প্রচণ্ড তাপ এবং বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়।
আগুন নিয়ন্ত্রণের সময় দমকলকর্মীরা একটি কক্ষের ভেতর এক যুবককে পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত বাইরে বের করে আনা হলেও জরুরি চিকিৎসাসেবা সংস্থা SAMUR-Protección Civil তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। চিকিৎসকদের মতে, ধোঁয়ায় বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়া ক্ষতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিহত যুবকের পরিচয় মো. ইউসুফ হাসান আলিফ (২৬) হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি মাদ্রিদে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলটি বিভিন্ন ডেলিভারি কর্মীর ব্যবহৃত বৈদ্যুতিক সাইকেল রাখার স্থান হিসেবে ব্যবহৃত হতো।
অগ্নিকাণ্ডের পর দমকলকর্মীরা গ্যারেজের ভেতরে জমে থাকা ধোঁয়া ও গ্যাস বের করে দেন। আগুন পুনরায় ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে বৈদ্যুতিক সাইকেলগুলোও বাইরে সরিয়ে নেওয়া হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবক কী কারণে ওই স্টোরেজ কক্ষে ছিলেন এবং সেখানে তিনি অবস্থান করতেন কি না—এসব বিষয়ও তদন্ত করছে স্প্যানিশ ন্যাশনাল পুলিশ। তদন্তে মাদ্রিদ মিউনিসিপ্যাল পুলিশ সহযোগিতা করছে।
এ ঘটনায় মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইউসুফ হাসান আলিফের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।