logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ২১ আগস্ট ২০২৬ ০৯:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নিউহ্যামে ভোররাতে গুলিবিদ্ধ বাংলাদেশি; হত্যার কারণ অজানা, জড়িতদের খুঁজছে পুলিশ

লন্ডনে গাড়ির ভেতর সিলেটের মাছুমকে গুলি করে হত্যা

চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৯:০১ অপরাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৯:০১ অপরাহ্ন
লন্ডনে গাড়ির ভেতর সিলেটের মাছুমকে গুলি করে হত্যা

ফ্রান্স প্রতিনিধি:

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়ে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে সেন্ট বার্থোলোমিউস রোডে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ (মেট পুলিশ)। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হত্যার কারণও নিশ্চিত করতে পারেনি পুলিশ।


মেট পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শোনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি গাড়ির ভেতর মাছুম আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।


নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের অন্য সদস্যদেরও বেশিরভাগ যুক্তরাজ্যে বসবাস করেন বলে জানা গেছে।


মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন জানান, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পুলিশ তাঁদের বাসায় গিয়ে মাছুমের পরিচয় নিশ্চিত করে। পরে তাঁর ছবি দেখিয়ে পুলিশ জানায়, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কী কারণে এবং কারা তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তাঁরা এখনো কোনো তথ্য জানতে পারেননি।


ঘটনার পর সেন্ট বার্থোলোমিউস রোড ঘিরে রেখে আলামত সংগ্রহসহ বিভিন্ন তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী ছিল কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি করা হয়েছিল কি না—এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।


ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন, কোনো কিছু দেখে থাকেন বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে মেট পুলিশ। তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে CAD797/18AUG রেফারেন্স উল্লেখ করতে বলা হয়েছে।


এদিকে মাছুম আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিলেটের বিশ্বনাথের পূর্ব কারিকোনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের আবহ। পরিবারের পক্ষ থেকে তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17103
Page of