logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ আগস্ট ২০২৬ ১০:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ১০:২৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করা জরুরি। সিলেট নগরীতে একটি সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।


সোমবার (২৪ আগস্ট) রাতে নগর ভবনে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিসিক প্রশাসক বলেন, একটি নগরের অর্থনৈতিক কর্মকাণ্ড যত বেশি গতিশীল হবে, সেই নগরের উন্নয়নও তত দ্রুত ত্বরান্বিত হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং একই সঙ্গে নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন—এই দুই বিষয়কে সমন্বয় করেই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।


তিনি বলেন, সিলেট নগরীর যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিলেট মহানগর পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে নগরীর সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের নগরীতে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যত্রতত্র যানবাহন পার্কিংও করতে দেওয়া হবে না।


আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসা পরিচালনার পাশাপাশি নগরের শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। নিজেদের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যাতে অবৈধভাবে যানবাহন পার্কিং না করা হয় এবং হকাররা যাতে ফুটপাত দখল করে বসতে না পারেন, সে বিষয়েও ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।


তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন একা চাইলেই নগরের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। সিলেটকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন, পুলিশ, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নগরবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীরা সহযোগিতা করলে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


সিসিক প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, এমন একটি নগর গড়ে তুলতে হবে, যেখানে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করবেন, ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করবেন এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন। এ লক্ষ্যেই নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও কাজ করছে সিটি কর্পোরেশন।


মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ট্রেড লাইসেন্স সহজীকরণসহ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।


ব্যবসায়ী নেতারা বলেন, সিলেট নগরী সবার। নগরীর উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। সিটি কর্পোরেশন ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করলে নগর উন্নয়নের প্রতিটি কার্যক্রমে ব্যবসায়ীরা সহযোগিতা করবেন।


সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনিম মল্লিক মুন্না। সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় সভায় হোসেন আহমদ, আমিনুল হক বেলালসহ নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজেদের মতামত, বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17241
Page of