কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
ডেস্ক নিউজ।
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় সিগারেট, গরু ও চা-পাতা জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টাটা পিকআপও জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার বরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-১৩০৯ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি টাটা পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া ২৪ ও ২৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু এবং ১৩১ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।
জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন।