logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ আগস্ট ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বড়লেখায় জাল জন্মনিবন্ধন নিয়ে প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা, জরিমানা ৫ হাজার

চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
বড়লেখায় জাল জন্মনিবন্ধন নিয়ে প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা, জরিমানা ৫ হাজার

বড়লেখা প্রতিনিধি:


মৌলভীবাজারের বড়লেখায় জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মনিবন্ধন সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। যাচাই-বাছাইয়ের পর সনদটি জাল প্রমাণিত হওয়ায় তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরসভায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক হলেন আসাদুল ইসলাম পলাশ (২৮)। তিনি পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে।


পৌরসভা সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম নিজের নামে একটি জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। পরে ওই সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য বৃহস্পতিবার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার কার্যালয়ে যান।


সনদটি দেখে সন্দেহ হলে পৌর কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে। একপর্যায়ে সনদটি জাল বলে নিশ্চিত হওয়া যায়। পরে আসাদুল ইসলাম পলাশকে আটক করা হয়।


এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা লঙ্ঘনের অপরাধে আসাদুল ইসলাম পলাশকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া বলেন, জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরির দায়ে ওই যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনাটি সামনে আসার পর জাল জন্মনিবন্ধন সনদ তৈরির সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার কথাও জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17112
Page of