সিলেটে ডিবির অভিযানে ১০ গ্রেফতার, সিলগালা দুই আবাসিক হোটেল
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’-এর ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার ‘তিতাস হোটেলে’ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করা হয়েছে।