logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ আগস্ট ২০২৬ ১১:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দনা সীমান্ত দিয়ে ভারতে রোহিঙ্গা পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আদালতে

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:১৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
দনা সীমান্ত দিয়ে ভারতে রোহিঙ্গা পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আদালতে

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে রোহিঙ্গা পাচারের চেষ্টার অভিযোগে আটক আট রোহিঙ্গাসহ চারজন মানব পাচারকারীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। একই সঙ্গে পাচারে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে সন্দেহজনকভাবে ১২ জনকে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আট রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।


আটক চারজন মানব পাচারকারী হলেন—কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আছাদ আহমদ, বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ এবং নেত্রকোনা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশায় করে আট রোহিঙ্গাকে কানাইঘাটে নিয়ে আসা হয়। পরে তাদের দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।


আট রোহিঙ্গা হলেন—এনায়েত হোসেন (১৮), আব্দুল মুবিন (২৪), জুবের আহমদ (১৮), আজিদা বেগম (১৮), জামিলা বেগম (২০), ফাতেমা বিবি (১৮), নুর ফাতেমা (১৮) ও আজিদা (১৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গা ভিকটিমদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


তিনি আরও জানান, আটক চার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাচারে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।


সিলেটের সীমান্তবর্তী এলাকায় মানব পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আন্তর্জাতিকভাবে মানব পাচার একটি গুরুতর অপরাধ এবং রোহিঙ্গাদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার ঘটনাগুলোতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17057
Page of