logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ আগস্ট ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিসিক প্রশাসকের উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের আশ্বাস

সিসিক প্রশাসকের উদ্যোগে খাদিমপাড়ায় দূর হচ্ছে দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন
সিসিক প্রশাসকের উদ্যোগে খাদিমপাড়ায় দূর হচ্ছে দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা

ডেস্ক নিউজ : সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরীর অভ্যন্তরের সড়ক দিয়ে রুস্তমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে খাদিমনগর বিসিক শিল্পনগরীর ভেতরের ওই সড়কটি ব্যবহার করে যাতায়াত করে আসছিলেন। তবে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে বিসিক কর্তৃপক্ষ সড়কটির প্রবেশপথ বন্ধ করতে সীমানাপ্রাচীর বা দেয়াল নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।


সড়কটি বন্ধের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মে মাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। তাদের অভিযোগ ছিল, সড়কটি বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হবে। বিকল্প পথে চলাচল করতে হলে তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির মুখে পড়তে হবে।


এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে রোববার বিকেলে বিসিক শিল্পনগরী এলাকায় যান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা বিসিকের অভ্যন্তরের সড়কটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের বিভিন্ন সমস্যার কথা সিসিক প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি তাদের নিয়মিত যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।


এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি তাদের জন্য দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ চলাচলের পথ। এটি উন্মুক্ত করা হলে রুস্তমপুরসহ আশপাশের এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে।


সিসিক প্রশাসকের উদ্যোগে দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত আলোচনার মাধ্যমে সড়কটি স্থায়ীভাবে উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17033
Page of