সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক
সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্স, সুপারি, কিসমিস, ফল, জুস, ট্যাং, বাসমতি চাল, ঝান্ডু বাম ও অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাসহ প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট ও পাথরকোয়ারী বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় চা পাতা, গরু, বিভিন্ন ধরনের সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্স, সুপারি, কিসমিস, ফল, জুস, ট্যাং, বাসমতি চাল ও ঝান্ডু বামসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৫ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানি মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।