logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ আগস্ট ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দীর্ঘ কর্মজীবনের সহকর্মীকে আবেগঘন পরিবেশে বিদায়, দায়িত্বশীলতার প্রশংসা

দীর্ঘ কর্মজীবন শেষে মদরিছ আলীকে বিদায় জানাল চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন
দীর্ঘ কর্মজীবন শেষে মদরিছ আলীকে বিদায় জানাল চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. মদরিছ আলীর আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ, আজীবন দাতা সদস্য অহিদুর রহমান, সাবেক পরিচালনা কমিটির সম্মানিত সদস্য হাজি সিরাজ উদ্দিন ও আহমদ আলী এবং চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি এ বি এম জাকারিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাশেদুল হক।


প্রধান অতিথির বক্তব্যে চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী বলেন, দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করা অত্যন্ত গর্বের বিষয়। মো. মদরিছ আলী নৈশপ্রহরী হিসেবে বিদ্যালয়ের নিরাপত্তা ও দায়িত্ব পালনে যে আন্তরিকতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান বিদ্যালয় পরিবার নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মদরিছ আলীর অবসর জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে পরিপূর্ণ হওয়ার কামনা করেন।


সভাপতির বক্তব্যে এডহক কমিটির সভাপতি এ বি এম জাকারিয়া বলেন, একজন কর্মচারী শুধু তাঁর নির্ধারিত দায়িত্ব পালন করেন না, দীর্ঘদিনের কর্মসম্পর্কের মাধ্যমে তিনি একটি প্রতিষ্ঠানের পরিবারেরই অংশ হয়ে ওঠেন। মো. মদরিছ আলীও তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি ভালোবাসার মাধ্যমে চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের একজন আপনজন হয়ে উঠেছিলেন। তাঁর বিদায়ে আমরা একজন দায়িত্বশীল সহকর্মীকে হারাচ্ছি। তিনি মদরিছ আলীর অবসর জীবন সুন্দর, শান্তিময় ও কল্যাণময় হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


বক্তারা বলেন, একজন নৈশপ্রহরী হিসেবে বিদ্যালয়ের নিরাপত্তা ও দায়িত্ব পালনে মদরিছ আলীর আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন, তা বিদ্যালয় পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রাশেদা বেগম, মনি মালা দেবী, ফয়জুল ইসলাম লিটন, অরবিন্দু দে, আল আমিনুর রশিদসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। বক্তারা বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য, সুখী ও সুন্দর অবসর জীবন কামনা করেন।


বিদায়ী বক্তব্যে মো. মদরিছ আলী দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।


শেষে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মো. মদরিছ আলীর অবসর জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও আনন্দে পরিপূর্ণ হোক—এই কামনা করা হয়। তাঁর আগামীর দিনগুলো সুন্দর ও কল্যাণময় হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16932
Page of