সিলেট সীমান্তে ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সোনারহাট, কালাসাদেক, সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি ও তামাবিল বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে, কম্বল, সবজি, গরু, জিরা, কসমেটিকস, বাসমতি চাল, কিসমিস, সনপাপড়ী, বিস্কুট ও মদ আটক করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।