সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক ৩৮ লাখ টাকার চোরাই পণ্য
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও বাংলাদেশ থেকে পাচারকালে বালু-পাথর বহনকারী বারকী নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৮ লাখ ৪৯ হাজার টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, নোয়াকোট ও পাথরকোয়ারী বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস, চকলেট, বাসমতি চাল, সুপারি, কিসমিস, ফল, চিনি, বিস্কুট, চা-পাতা, জুস, এনার্জি ড্রিংক, ফুচকা, আগরবাতি, সনপাপড়ী, মদ ও টি-শার্ট আটক করা হয়।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি বালু ও পাথর বহনকারী বারকী নৌকাও আটক করতে সক্ষম হয় বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।