logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ আগস্ট ২০২৬ ০২:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ০২:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ডেস্ক : সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাঁদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন—রায়নগর মিতালী ১১১ নম্বর বাসার বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাঁদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা।


আব্দুস সত্তার মিয়া ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে রায়নগরের নিজ বাসাতেই বসবাস করতেন। তাঁদের চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডনে এবং দুই সন্তান আমেরিকায় বসবাস করেন।


সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।


নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরের বাসায় তাঁর মা-মামি একাই থাকতেন। তাঁদের সঙ্গে একজন গৃহপরিচারিকা থাকতেন। বুধবার সকাল ৯টার দিকেও তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁর ধারণা, সকাল ৯টার পর তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে।


ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16904
Page of