জৈন্তাপুরের এসএসসি-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের খসরুর অভিনন্দন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবী, শিক্ষা অনুরাগী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য আব্দুল গফফার চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল গফফার চৌধুরী (খসরু)।
এক অভিনন্দন বার্তায় আব্দুল গফফার চৌধুরী বলেন, “২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিশেষ করে যারা জিপিএ-৫ অর্জন করেছে, তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। তাদের এই সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো জৈন্তাপুরবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়।”
তিনি বলেন, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।
আব্দুল গফফার চৌধুরী আরও বলেন, “যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে একটি পরীক্ষার ফলাফলই শেষ কথা নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও বেশি মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।”
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অভিনন্দন বার্তায় তিনি জৈন্তাপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে উপজেলার শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।