মাদকবিরোধী লিফলেট হাতে মাঠে নামতেই মাদকসহ আটক ১
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের কুপার বাজার ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বিছনাকান্দি পর্যটন স্পটে মাদকসহ বিল্লাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।
মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাটের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, ইকরামুল হক জাবের, যুগ্ম সদস্য সচিব ওসমান, এনাম উদ্দিন, মুখ্য সংগঠক এহসান উল্লাহ, রোমান আহমেদ, ফয়জুর রহমান, মুখ্যপাত্র মাহদি হাসান মাহফুজ, সদস্য আল আমিন, কারী কাউসার, ডালিম আহমদ, ইমরান আহমদ, আবু হানিফ, হাসান মাহমুদ, জাহিদ হাসান, রাজিব আহমদ, রুমান আহমেদ ও মাজেদ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া এলাকার সচেতন নাগরিকরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী ঐক পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।