logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ আগস্ট ২০২৬ ০১:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট নগরীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

সাংবাদিক দুলাল হোসেনের বাসায় চুরি, ৪ দিনেও উদ্ধার হয়নি মালামাল

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
সাংবাদিক দুলাল হোসেনের বাসায় চুরি, ৪ দিনেও উদ্ধার হয়নি মালামাল

 সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকার সমাজ কল্যাণ-৪৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরির ঘটনার চার দিন পার হলেও এখন পর্যন্ত চোর শনাক্ত বা চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


গত বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে সাংবাদিক মো. দুলাল হোসেনের বাসায় এ চুরির ঘটনা ঘটে। তিনি দৈনিক সিলেট বাণী পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে কর্মরত।


এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।


অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুলাল হোসেন। সকালে তার স্ত্রী শাহিদা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান, বাসার জানালার গ্রিলের একটি অংশ খোলা। পরে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে তারা দেখতে পান, পেশাগত কাজে ব্যবহৃত নাইকন ডি-৬০ ক্যামেরা ও ক্যামেরার ব্যাগ, দুটি স্মার্টফোন এবং নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।


ঘটনার পরপরই পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নিতে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন দুলাল হোসেন। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


ভুক্তভোগী সাংবাদিক দুলাল হোসেন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে থানায় অভিযোগ করেছি। কিন্তু চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।” তিনি দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং নগরবাসীর নিরাপত্তা জোরদারের দাবি জানান।


এদিকে চুরির খবর পেয়ে দুলাল হোসেনের বাসায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলসহ ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নেতৃবৃন্দ সাংবাদিক দুলাল হোসেনের বাসায় চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


—বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16843
Page of