logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ আগস্ট ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সাদাপাথরে হামলায় আহত সাংবাদিক কবিরের চিকিৎসার খোঁজ নিলেন মন্ত্রী

পর্যটকদের ওপর হামলা, রক্ষা করতে গিয়ে আহত সাংবাদিক—হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন
পর্যটকদের ওপর হামলা, রক্ষা করতে গিয়ে আহত সাংবাদিক—হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় আহত সাংবাদিক কবির আহমদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শনিবার (৮ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক কবির আহমদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন তিনি।


এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কয়েকজন পর্যটকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।


হামলায় দুই পর্যটক আহত হন। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের সিলেট বিভাগীয় ইনচার্জ সাংবাদিক মো. কবির আহমদ।


পরে আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিক কবির আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা পুলিশের হেফাজত থেকে হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তি ও একটি গাড়ি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদ। এ বিষয়ে তাঁর বক্তব্যের একটি ফোন রেকর্ডও রয়েছে।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।


এদিকে পর্যটকরা দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16837
Page of