logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ জুলাই ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীকে সম্মান জানিয়ে এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীকে সম্মান জানিয়ে এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সম্মানে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটে এসএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।


বিদায়ী পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা তাঁদের বক্তব্যে বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে মাদক, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমনে এসএমপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ, পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণ, কমনরুম ও বিনোদন সুবিধা সম্প্রসারণসহ ফোর্সের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।


বক্তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, হেলমেট বিতরণ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, হকার উচ্ছেদ, চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে পুলিশ কমিশনারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তাঁর ভূমিকা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।


সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এসএমপির সকল কর্মকর্তা ও ফোর্স সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, টিমওয়ার্ক, পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই সিলেট মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।


তিনি আরও বলেন, ফোর্সের কল্যাণ নিশ্চিত করা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, পুলিশ লাইন্সের অবকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় মেধাভিত্তিক তহবিল গঠন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন।


পরিশেষে তিনি সকলের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সিলেটে দায়িত্ব পালনকালে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


সভায় উপস্থিত কর্মকর্তা ও ফোর্স সদস্যরা বিদায়ী পুলিশ কমিশনারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন, অন্যান্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16600
Page of