সিলেটে ৪৪ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এসএমপি
নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই, ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
পুলিশ জানায়, সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team নিরলসভাবে কাজ করে এসব মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত মোবাইল ফোন উদ্ধার টিম মহানগরের ছয়টি থানায় দায়ের হওয়া মোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পুলিশ কমিশনার মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করেন। ওই টিম গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, "প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্যও আনন্দের। নাগরিকদের আস্থা আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হারানো মোবাইল ফিরে পাওয়ার আনন্দে অনেকের চোখে-মুখে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ ফুটে ওঠে।
সচেতনতামূলক পরামর্শে এসএমপি জানায়, ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। ক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণ করতে হবে এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে মোবাইল সেটের IMEI নম্বর মিলিয়ে নিতে হবে। বিশেষ করে রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তি কিংবা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে বিক্রি হওয়া ডিভাইস কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ এসব ডিভাইস চোরাই বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং নাগরিকদের নিরাপত্তায় এসএমপি সবসময় জনগণের পাশে রয়েছে।